এবার রান্নার রিয়েলিটি শো’র সঞ্চালক অঙ্কুশ
‘ডান্স বাংলা ডান্স’র পর এবার নতুন একটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব কাঁধে তুলে নিলেন টলিউড তারকা অঙ্কুশ হাজরা। আকাশ আট চ্যানেলে আসছে নতুন কুকিং রিয়েলিটি শো, ‘রাঁধুনি না কাঁদুনি’। আর এ্ই অনুষ্ঠানেরই উপস্থাপক হচ্ছেন অঙ্কুশ।
‘রাঁধুনি না কাঁদুনি’ না শোয়ের বিশেষত্ব কী? এখানে সাধারণ কেউ অংশ নিতে পারবেন না। তারকাদের নিয়েই জমবে অনুষ্ঠান। প্রতিযোগী হিসেবে থাকবেন রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস, সুজয় প্রসাদ চ্যাটার্জি, শ্যামৌপ্তি মুদলি, কাঞ্চন মল্লিক, ইমন চক্রবর্তী, অন্বেষা হাজরা, উষসী রায়, সুস্মিত মুখার্জি, দর্শনা বণিক, শ্রময়ী চট্টরাজ। ‘রাঁধুনি না কাঁদুনি’ শোয়ের প্রোমোতে দেখা যাচ্ছে তারকাদের রান্নার ধরন দেখে কেঁদে অস্থির সঞ্চালক অঙ্কুশ। তাকেই নাকি এই তারকাদের রান্না শেখাতে হবে! ফলে বোঝাই যাচ্ছে এই কুকিং শো আর চার পাঁচটা সাধারণ কুকিং শোয়ের মতো হবে না। থাকবে ভরপুর মজা, কমেডি। সঙ্গে শেখা যাবে রান্নাও।
কবে থেকে শুরু হচ্ছে অঙ্কুশ হাজরা সঞ্চালিত শো ‘রাঁধুনি না কাঁদুনি’? আগামী মাস থেকে। অর্থাৎ ৩ অক্টোবর থেকে আসছে রাঁধুনি না কাঁদুনি। আকাশ আট চ্যানেলে এটি রাত সাড়ে ৯ থেকে দেখা যাবে। এছাড়া সোনি লিভ প্ল্যাটফর্মেও দেখতে পারবেন দর্শকরা। অঙ্কুশ হাজরা এদিন এই শো প্রসঙ্গে বলেন, ‘রাঁধুনি না কাঁদুনি’ শোটি নিয়ে আমি দারুণ উত্তেজিত। পরিচিত মুখেদের এখানে একদম অন্যভাবে দেখতে পাবেন দর্শকরা। তারা নিজেদের জগৎ, কাজে দারুণ পারদর্শী। কিন্তু তাদের যখন রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হবে কী ঘটবে সেটাই দেখার বিষয়।’







