378130

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানদ্যুতি ছড়াচ্ছেন মেসিদের লিগে

বয়স এখনও ১৭ হয়নি, অথচ লিওনেল মেসিদের লিগ মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান-আমেরিকান মিডফিল্ডার কাভান সুলিভান। সবশেষ সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের জয়ে একাই আলো ছড়ালেন এই তরুণ মিডফিল্ডার। দুটি গোল, সঙ্গে একটি অ্যাসিস্ট, আর তাতেই ম্যাচডের সেরা খেলোয়াড় কাভান।

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে দুর্দান্ত এক ব্যাকহিল ফ্লিকে খুললেন গোলের খাতা। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে বক্সের ভেতর থেকে গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভান।

মাত্র পাঁচ মিনিট পর আবারও তার পা থেকে দুর্দান্ত এক চিপ। সেখান থেকেই ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ডের সহায়তায় ব্রুনো দামিয়ানি করেন তৃতীয় গোল। এমন পারফরম্যান্সে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন কাভান সুলিভান। এমএলএসে এক ম্যাচে প্রথমবারের মতো জোড়া গোল করলেন কাভান। আর টুর্নামেন্টের ইতিহাসে হন তৃতীয় সর্বকনিষ্ঠ ম্যাচসেরা খেলোয়াড়।

তবে সবচেয়ে চমকপ্রদ পরিসংখ্যান, শেষ সাত ম্যাচের প্রতিটিতেই অন্তত একটি করে গোলে অবদান রেখেছেন কাভান। এমএলএস ইতিহাসে কোনো কিশোরের জন্য এটিই সবচেয়ে দীর্ঘ গোল-অবদান ধারা। চলতি মৌসুমে কাভানের গোল-অবদান এখন ১৭টি। এরমধ্যে ছয় গোল, সঙ্গে ১১ অ্যাসিস্ট।

কিশোর খেলোয়াড়দের মধ্যে এমএলএস ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ সুলিভান। তার দুর্দান্ত ফর্মে ফিলাডেলফিয়াও বদলে গেছে পুরোপুরি। বিশ্বকাপ বিরতির পর টানা ১০ ম্যাচ অপরাজিত দলটি; জিতেছে আটটি, ড্র দুটিতে। ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের অবস্থানে।

উল্লেখ্য, মায়ের দিক থেকে বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত কাভান সুলিভানের সামনে এবার আরও বড় মঞ্চের হাতছানি। বিশ্বকাপের পর ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে যুক্তরাষ্ট্র। এর আগে ১৭ সেপ্টেম্বর সেই ম্যাচের দল ঘোষণা করার কথা কোচ পচেত্তিনোর। দুরন্ত পারফরমেন্সে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় কড়া এখন আরও জোরালোভাবে নাড়ছেন কাভান।

 

ad

পাঠকের মতামত