তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার
দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা বেড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে এ ধরনের হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।
একই সময়ে এসব হিসাবে মোট আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।
তবে কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি পর্যায়ে এসব হিসাবে আমানতের পরিমাণ কমেছে। বিপরীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বেড়েছে। ফলে সামগ্রিকভাবে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে জমার পরিমাণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।
এর আগে মার্চ শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। সে হিসাবে তিন মাসে এ ধরনের হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমা ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।
ব্যক্তি পর্যায়ে আমানত কমেছে
কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানতের চিত্র ভিন্ন। জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন ব্যক্তি শ্রেণির হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টি।
এসব হিসাবে জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা।
মার্চ শেষে ব্যক্তি শ্রেণির এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ছিল ৪০ হাজার ৬৩০টি। তখন এসব হিসাবে জমা ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা।
অর্থাৎ তিন মাসে ব্যক্তি পর্যায়ে কোটিপতি হিসাব বেড়েছে ৭১টি। তবে এসব হিসাবে মোট আমানত কমেছে ১ হাজার ২২১ কোটি টাকা।










