চার রাকাত নফলের নিয়ত করে দুই রাকাতের পর সালাম ফেরালে কী করবেন?
ধর্ম ডেস্ক
ফরজ ইবাদত প্রত্যেক মুসলমানের জন্য পালন করা আবশ্যক। ফরজ ইবাদত পালন না করলে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতা ককরতে হবে। ফরজের হিসাব দিলেই তবে অন্য সব ইবাদতের হিসাব গ্রহণ করবেন আল্লাহ তায়ালা।
ফরজের পাশাপাশি নফল ইবাদত করাও উচিত। কারণ, নফল ইবাদত মানুষের আমলনামার সৌন্দর্য বৃদ্ধি করে এবং তা আল্লাহ তায়ালার কাছে প্রিয় করে তোলে। নফল ইবাদত কিয়ামতের দিন বিশেষ কাজে আসবে। যদি কোনো বান্দার ফরজের ঘাটতি দেখা দেয় তাহলে আল্লাহ তায়ালা নফলের মাধ্যমে তা পূরণের চেষ্টা করবেন। এজন্য নফল ইবাদত থাকতে হবে। নফল ইবাদত না থাকলে ফরজের ঘাটতি পূরণের কোনো উপায় থাকবে না।
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় কেয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ। সুতরাং যদি তা সঠিক হয়, তাহলে সে পরিত্রাণ পাবে। আর যদি (নামাজ) খারাপ হয়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।
যদি তার ফরজের (ইবাদতের) মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা বলবেন, ‘দেখ তো! আমার বান্দার কিছু নফল (ইবাদত) আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে?’ অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ঐভাবে গৃহীত হবে। (আবু দাউদ, হাদিস: ৮৬৪)
নফল নামাজ দুই রাকাত বা চার রাকাতও পড়া যায়। তবে নফল ইবাদত শুরু করার পর তা আদায় করা ওয়াজিব। কেউ যদি চার রাকাত নফল নামাজের নিয়ত করে দুই রাকাতের পর নামাজ শেষ করে তাহলে তার করণীয় কী?
ফেকাহবিদদের মতামত হলো, নফল ইবাদত শুরু করার পর ছেড়ে দিলে তা আবার আদায় করা ওয়াজিব হয়ে যায়। তবে নফল নামাজের ক্ষেত্রে যে দুই রাকাত পড়া শুরু করা হয়, সেই দুই রাকাত ওয়াজিব হয়। পরের দুই রাকাত নয়। কিন্তু যদি দুই রাকাত শেষ করার পর আরও দুই রাকাত শুরু করে দেয়, তাহলে পরের দুই রাকাতও ওয়াজিব হয়ে যায়।
তাই কেউ চার রাকাত নফলের নিয়ত করে প্রথম দুই রাকাত পড়েই সালাম ফিরিয়ে ফেললে তার ওপর পরে দুই রাকাত বা চার রাকাত পুনরায় আদায় করা ওয়াজিব নয়।









