377982

অক্ষয় খান্নাকে এড়িয়ে চলতেন ফারাহ খান

বিনোদন ডেস্ক
একসময় অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে কাজ করতে চাইতেন না কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান। ১৯৯০-এর দশকে অক্ষয়কে কাজের ক্ষেত্রে বেশ কঠিন মনে হতো তার।

এমনকি অক্ষয়ের কোনো গানের কোরিওগ্রাফির দায়িত্বও নিতে চাইতেন না ফারাহ। তবে ২০০১ সালের ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর অক্ষয়কে নিয়ে তার সেই ধারণা বদলে যায়।

সম্প্রতি অক্ষয় খান্নার সঙ্গে কাজের পুরনো অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান ফারাহ। তার ভাষ্য, ক্যারিয়ারের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে কাজের পরিবেশ তার কাছে স্বস্তিদায়ক ছিল না। অক্ষয়কে তখন বেশ খিটখিটে স্বভাবের মনে হতো। এ কারণে তার গানের কোরিওগ্রাফির দায়িত্ব এড়িয়ে চলতেন ফারাহ।

ফারাহর মতে, তিনি এমন একটি কর্মপরিবেশ পছন্দ করেন, যেখানে সবাই ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করেন। সেই সময় অক্ষয়ের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি বিষয়টি সেভাবে অনুভব করতেন না। তাই সুযোগ পেলেই তার গানের কোরিওগ্রাফি না করার সিদ্ধান্ত নিতেন।

তবে কয়েক বছর পর ‘দিল চাহতা হ্যায়’-এ অক্ষয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ফারাহর ধারণা বদলে দেয়। ২০০১ সালে মুক্তি পাওয়া ফারহান আখতার পরিচালিত সিনেমাটিতে আমির খান, সাইফ আলী খান ও অক্ষয় খান্না তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি বন্ধুত্ব ও সম্পর্কের গল্পের ভিন্নধর্মী উপস্থাপনার জন্য ব্যাপক প্রশংসা পায়। সিনেমাটিতে কাজ করার সময় অক্ষয়ের পেশাগত আচরণ ও কাজের ধরন দেখে মুগ্ধ হন ফারাহ।

এরপর অক্ষয় সম্পর্কে তার পুরোনো ধারণা পুরোপুরি বদলে যায়। বরং তাকে একজন দারুণ নৃত্যশিল্পী হিসেবেও প্রশংসা করেন ফারাহ।

‘দিল চাহতা হ্যায়’ মুক্তির ২৫ বছর পূর্তি ঘিরে সিনেমাটির শিল্পী ও নির্মাতাদের পুরোনো নানা স্মৃতি সামনে আসছে। সম্প্রতি সিনেমাটির পুনর্মিলনীতে আমির খান, সাইফ আলী খান, অক্ষয় খান্না ও পরিচালক ফারহান আখতারসহ সংশ্লিষ্টরা ছবিটির শুটিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

 

ad

পাঠকের মতামত