377965

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

বিনোদন ডেস্ক
পর্দার চেনা হাসিমুখ, বলিষ্ঠ কণ্ঠ আর ক্যারিশম্যাটিক উপস্থিতি এর পেছনেই লুকিয়ে থাকে এক নীরব যন্ত্রণা। জীবনের নানা চড়াই-উতরাই পার করা মানুষদের মুখোমুখি বসে নিজের ভেতরের আবেগ ধরে রাখা যে কতখানি কঠিন, তা সচরাচর বোঝা যায় না। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) অষ্টাদশ সিজনে সঞ্চালনা করতে গিয়ে ঠিক এমনই এক মানসিক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

সম্প্রতি নিজের ব্লগে এই কাজের পেছনের গভীর মানসিক চাপ ও কষ্টের কথা অকপটে শেয়ার করেছেন তিনি। কেবিসির এই সিজনের মূল থিম ‘সোচনা পাডেগা’ বা ‘ভাবতে হবে’। তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে উত্তর দেওয়ার বার্তা নিয়েই হাজির হয়েছেন বিগ বি। তবে কেবল প্রশ্নোত্তর পর্ব নয়, এই মঞ্চে আসা প্রতিযোগীদের সংগ্রাম ও জীবনের গল্পই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

আর সেখানেই তৈরি হয় আসল জটিলতা। নিজের ব্যক্তিগত টাম্বলার ব্লগে বিগ বি স্বীকার করেছেন, হটসিটে বসা প্রতিযোগীদের বাস্তব জীবনের নির্মম ও হৃদয়বিদারক গল্প শুনে সঞ্চালক হিসেবে চোখের জল আটকে রাখা তার জন্য অসম্ভব হয়ে ওঠে।

মনের ভেতরে জমতে থাকা আবেগ চেপে রেখে অনুষ্ঠান চালিয়ে যাওয়াকে অত্যন্ত কষ্টকর উল্লেখ করে তিনি লেখেন, ‘কিছু প্রতিযোগীর জীবনের বাস্তব অভিজ্ঞতা ও নির্মম গল্প এতটাই হৃদয়বিদারক যে, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনও মুহূর্ত আসে, যখন মনে হয় অনুষ্ঠানটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’

চ্যানেলের সঙ্গে পেশাদার চুক্তি ও গোপনীয়তার শর্ত থাকায় বিস্তারিত কোনো ঘটনার কথা প্রকাশ করেননি বিগ বি। তবে অকপটে মেনে নিয়েছেন, প্রতিটি পর্বে প্রতিযোগীদের এই লড়াইয়ের গল্প তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দেয়।

শো-এর প্রচারণায় সম্প্রতি এক গলফ কোর্সের ভিডিওর মাধ্যমে দর্শকদের দারুণ একটি বার্তা দিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। তিনি জানান, ছোটবেলা থেকে আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চর্চা শেখানো হলেও, সবসময় প্রথম উত্তরটি সঠিক নাও হতে পারে। তাই জীবনে সাফল্যের জন্য থামতে জানা এবং চিন্তা করার ক্ষমতা অত্যন্ত জরুরি।

 

ad

পাঠকের মতামত