নারী এশিয়া কাপ : আমিরাতকে হারিয়ে সেমি-ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
নারীদের এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৪ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে রাজসিক জয়ের সুবাদে সেমি-ফাইনালের টিকিট কেটে ফেললো টাইগ্রেসরা। আগামী ১০ সেপ্টেম্বর সেমিফাইনালের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার রানের খাতা খোলার আগে প্রথম ওভারেই বিদায় নিয়েছেন। তিন বলে শূন্য রান করেন দিলারা। তিনে নেমে ব্যর্থ ছিলেন সোবহানা মোস্তারীও। ছয় বলে তিন রান করেছেন তিনি। টিকে থাকা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা চেষ্টা চালিয়েছেন। পাওয়ারপ্লের ছয় ওভারে জোড়া উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে বাংলাদেশ।
ক্রিকেটলাইভ স্ট্রিমিং
পাওয়ারপ্লে শেষে ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন জুয়াইরিয়া। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থেমেছেন ২৮ বলে ২৩ রান করে। স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন মেরেছেন গোল্ডেন ডাক। আউট হন পরপর দুই বলে। মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ঝড় তোলেন। ৩১ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন শারমিন। তাতেই একশ পার করার রসদ পায় বাংলাদেশ। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে টিকে ছিলেন। ৪ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন রাবেয়া খান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
জবাব দিতে নামা সংযুক্ত আরব আমিরাতকে শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারেই ইশা ওঝাকে ফিরিয়ে দেন মারুফা। চার বলে দুই রান করে বিদায় নেন ইশা, মারুফা করেছেন বোল্ড। তিনে নামা সামাইরা ধার্নিধার্কাকেও বিদায় করেছেন মারুফা। ১৯ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন সামাইরা। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ১৫ রান তোলে আমিরাত।
পাওয়ার প্লে শেষেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আমিরাত। আরও চেপে ধরেছে বাংলাদেশ। রিনিথা রাজিথ ১২ বলে ৫ রান করেছেন। তাকে ফেরান রাবেয়া খান। টিকে থাকা ওপেনার থীরথা সাতিশ ২৪ বলে ১১ রান করেছেন। তাকে ফেরান সুলতানা খাতুন।
এরপর হেনা হোথচান্দানীকে ফিরিয়েছেন রাবেয়া। ১৯ বলে ১৮ রান করেছেন তিনি। মাঝে জোড়া উইকেট শিকার করেছেন নাহিদা আক্তারও। একের পর এক উইকেট হারিয়ে গেছে আমিরাত। টাইগ্রেস বোলাররা ছিলেন সেরা ছন্দে। তুলেছেন একের পর এক উইকেট।
উইকেটের পতন আর ধীর ব্যাটিংয়ের কারণে ম্যাচ থেকে বেশ আগেই ছিটকে যায় আমিরাত। জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ। শেষ দিকেও একের পর এক উইকেট হারিয়েছে আমিরাত। ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে থেমেছে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। বাংলাদেশ পেয়েছে ৩৪ রানের সহজ জয়।
টাইগ্রেসদের হয়ে তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এছাড়া দুইটি করে উইকেট নেন মারুফা আক্তার এবং নাহিদা আক্তার। একটি করে উইকেট তোলেন সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন।
আগামী ১০ সেপ্টেম্বর সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর আরেক সেমি-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ১৩ সেপ্টেম্বর ফাইনাল।









