377875

সালমান শাহ স্মরণে টানা সাত দিন জনপ্রিয় সাত সিনেমা

বিনোদন ডেস্ক
আগামী ৬ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ৩০ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সাজানো হয়েছে এক বিশেষ আয়োজন। এই আয়োজনে টানা সাত দিনজুড়ে দর্শকেরা দেখতে পাবেন তার জনপ্রিয় সাতটি সিনেমা।

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত দুপুর ২টা ৩০ মিনিটে টেলিভিশনে প্রচারিত হবে সিনেমাগুলো; দেখানো হবে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল দীপ্ত টিভিতে।

বিশেষ এই আয়োজনের প্রথম দিন (৫ সেপ্টেম্বর) দেখানো হবে শাহ আলম কিরণ পরিচালিত বাংলা সিনেমা ‘বিচার হবে’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

পরদিন (৬ সেপ্টেম্বর) দেখানো হবে এম এ খালেদের পরিচালনায় ‘স্বপ্নের ঠিকানা’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

এরপর ৭ সেপ্টেম্বর প্রচারিত হবে শিবলি সাদিক পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। ছবিটিতে মূল ভূমিকায় রয়েছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। ৮ সেপ্টেম্বর দেখা যাবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’, যেখানে অভিনয় করেছেন সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।

পঞ্চম দিন (৯ সেপ্টেম্বর) দেখানো হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। ১০ সেপ্টেম্বর প্রচারিত হবে রেজা হাসমতের পরিচালনায় ‘প্রেম পিয়াসী’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

আয়োজনের শেষ দিন (১১ সেপ্টেম্বর) দর্শক দেখতে পাবেন বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। ছবিটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

ad

পাঠকের মতামত