377882

পড়াশোনা শেষ না করার আক্ষেপ আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে

বিনোদন ডেস্ক
শুধু কাপুর পরিবারের মেয়ে হিসেবে নয়, পাতৌদি পরিবারের বউমা হিসেবেও বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন কারিনা কাপুর খান। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে এত সাফল্যের পরও জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে এখনো আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই অকপটে জানিয়েছেন কারিনা। খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রাখার কারণে তার পড়াশোনা শেষ করা হয়নি। আর সেই অপূর্ণতার কারণেই নিজের দুই সন্তানকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে বারবার উৎসাহ দেন তিনি।

কারিনা বলেন, সুযোগ থাকা সত্ত্বেও সিনেমাকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। একাদশ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাননি। অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেত্রী।

তার কথায়, ‘আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। এই বিষয়টা বহুদিন ধরে আমার মনে গেঁথে আছে। সুযোগ থাকা সত্ত্বেও আমি সিনেমাকে প্রাধান্য দিয়েছিলাম এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা এগিয়ে নিয়ে যাইনি। আমি জানি, এটা শুনে অনেকেই মজা করতে পারেন। কিন্তু আমি নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছিলাম।’

পড়াশোনা শেষ করতে না পারার সেই আক্ষেপ এখনও রয়েছে জানিয়ে কারিনা বলেন, এ কারণেই তিনি চান তার দুই ছেলে পড়াশোনায় এগিয়ে যাক। সন্তানদের শিক্ষাজীবনকে গুরুত্ব দেওয়ার পেছনে নিজের অভিজ্ঞতাই বড় কারণ বলে জানান অভিনেত্রী।

কারিনা আরও বলেন, ‘পড়াশোনা শেষ করতে না পারার জন্য আমার ভীষণ আফসোস হয়। তাই আমি চাই আমার ছেলেরা পড়াশোনা নিয়ে এগিয়ে যাক।’

তরুণীদের শিক্ষায় সহযোগিতা করার জন্য ইউনিসেফ ভারতের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন কারিনা। তার ভাষ্য, বিষয়টি নিয়ে ভাবার সময় নিজের পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপের কথাও মনে পড়েছিল।

২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কারিনার। এতে অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটির শুটিংয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর। মুক্তির কিছুদিন পরই ২০ বছরে পা দেন অভিনেত্রী।

অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কারিনাকে। ‘কাভি খুশি কাভি গম’, ‘চামেলি’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘বডিগার্ড’, ‘বজরঙ্গি ভাইজান’র মতো সিনেমায় অভিনয় করে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন তিনি।

তবে ক্যারিয়ারের ঝুলিতে এত সাফল্য থাকার পরও পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ এখনো বয়ে বেড়াচ্ছেন কারিনা। নিজের সেই অপূর্ণতা থেকেই সন্তানদের শিক্ষাজীবন নিয়ে আরও সচেতন তিনি।

ad

পাঠকের মতামত