বিতর্কের মুখে স্থগিত আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’
বিনোদন ডেস্ক
বাংলা রকের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে তার অমর ২০টি গান নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর। তবে অ্যালবামের প্রকাশিত গানগুলোর নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে শ্রোতা এবং বাচ্চুভক্তদের বড় একটি অংশ অসন্তোষ প্রকাশ করেন।
ভক্তদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে ও তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে অ্যালবামটির সার্বিক কার্যক্রম। গত ১৬ আগস্ট রুপালি গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই স্মরণ উদ্যোগ।
তবে প্রথম চারটি গান ডিজিটাল প্ল্যাটফর্মে আসতেই শুরু হয় ক্ষোভ। ভক্তদের মূল আপত্তি ছিল মূল সুর ও মেজাজ বিকৃত করা নিয়ে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে প্রকল্প সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনার পর প্রকাশিত চারটি গান অনলাইন থেকে সরাবার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অপ্রকাশিত বাকি ১৬টি গানের কাজও আপাতত বন্ধ রাখার ঘোষণা আসে। প্রকল্পটি স্থগিতের বিষয়টি গণমাধ্যশকে নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তার।
তবে এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ‘উত্তরাধিকার’ প্রজেক্টের সঙ্গে যুক্ত গায়ক ও সংগীত পরিচালকেরা। তাদের দাবি, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং তরুণ প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে নতুন করে পরিচয় করিয়ে দিতেই এই আন্তরিক প্রচেষ্টা ছিল।








