দেশে ছয় মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : সংসদীয় কমিটি
ডেস্ক রিপোর্ট
গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও জানানো হয়।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এসব তথ্য উঠে আসে।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা উচিত বলে মত দেন কমিটির সদস্যরা।
বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াক আউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে।
এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াক আউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।








