‘বিজয়ের কাছ থেকে অনেককিছু শিখেছি’, থালাপতিকে প্রশংসায় ভাসালেন যশ
সোমবারে চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ। তিনি জানান, বিজয়ের কাজের প্রতি একাগ্রতা, ডিসিপ্লিন এবং রাজ্যবাসীর প্রতি গভীর দায়বদ্ধতা চলচ্চিত্রজগতের জন্য একটি বড় অনুপ্রেরণা। বহুদিন ধরেই সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা তাকে শ্রদ্ধা জানিয়ে আসছেন এবং তার জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছেন।
ইভেন্টে ভাষণ দেওয়ার সময় নিজের মনের ভাব প্রকাশ করে যশ বলেন, আমরা সব সময়ই বিজয়ের থেকে অনেককিছু শিখেছি। মানুষ তাকে ভালোবেসে যে দায়িত্ব ও সম্মানজনক স্থানে বসিয়েছে, তা বিজয়ের অর্জন। জনগণের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা দিতে তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, তা একটি নতুন ধারার সূচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে যশ তার আসন্ন গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘টক্সিক’-এর প্রযোজক ভেঙ্কট নারায়ণের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিজয়ের সঙ্গে কাজের সুবাদে প্রযোজক প্রায়ই তামিলনাড়ুর মানুষের জন্য বিজয়ের টানা কাজের খতিয়ান ও আবেগের কথা শোনাতেন। ভেঙ্কট নারায়ণের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে বিজয় সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম তামিলনাড়ুর মানুষের সেবায় আত্মনিয়োগ করেন।
দর্শকদের ভালোবাসার প্রতি শিল্পীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে যশ আরও জানান, সাধারণ মানুষ একজন অভিনেতাকে যে ভালোবাসা দেয়, তা ফিরিয়ে দেওয়া তাদের দায়িত্ব। বিজয় এখন এমন একপর্যায়ে পৌঁছেছেন যেখানে তিনি তামিলনাড়ুর মানুষকে সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। বিজয়ের ওপর বিশ্বাস রাখার জন্য তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই উদ্যোগকে প্রগতিশীল হিসেবে আখ্যা দিয়ে বিজয়ের রাজনৈতিক ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন তিনি।
গীথু মোহনদাস পরিচালিত যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকের গোয়ার অপরাধজগতের প্রেক্ষাপটে নির্মিত একটি গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার। এতে যশকে একটি জটিল এবং দ্বন্দ্বপূর্ণ বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে দেখা যাবে, যা মূলত সিনেমাটির মূল গল্পের ভিত্তি।
ছবিটিতে কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং রুক্মিণী বসন্তের মতো তারকাদের নিয়ে একটি শক্তিশালী নারী অভিনয়শিল্পী দল রয়েছে। ছবিটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া










