মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার মুখ, শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি ও বিএনপির সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ওই আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সাচিং প্রু জেরীও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর দরবার হলেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন মন্ত্রীদের মধ্যে আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গত ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত হন। আন্দালিব রহমান পার্থর দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়। সাচিং প্রু জেরীও বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হয়েছেন। আর শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য।
এদিকে, নতুন মন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। এরই মধ্যে ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের এক কর্মকর্তা।
শপথের পরপরই নতুন সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে। এর মধ্যে আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাঁদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তাঁরা মন্ত্রিসভার সদস্য নন।
নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী থাকবেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন।
মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সরাসরি নিশ্চিত বা অস্বীকার না করলেও জানিয়েছেন, এ বিষয়ে তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। উৎস: প্রথম আলো ও বাংলানিউজ24








