কিম জং-কোয়ানের ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’ দিয়ে শুরু বুসান চলচ্চিত্র উৎসব
আরিফ হোসেন খান।। দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম জং-কোয়ানের রোমান্টিক ড্রামা ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’ দিয়ে শুরু হবে ৩১তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (BIFF)।
আগামী ৬ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে। একই সঙ্গে উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এটি প্রদর্শিত হবে।
‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’-এর গল্প আবর্তিত হয়েছে একটি ক্যাফেকে ঘিরে। গ্রীষ্ম থেকে শরৎ—এই সময়ের মধ্যে একই ক্যাফেতে চার জোড়া মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম ও সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।
গল্পের এক অংশে দিনের ভিন্ন সময়ে একই ক্যাফেতে আসা দুই মানুষের আকস্মিক সাক্ষাৎ দেখানো হয়েছে। অন্য একটি গল্পে দীর্ঘদিন পর দুই স্কুলবন্ধুর অপ্রত্যাশিত পুনর্মিলন ঘটে। এ ছাড়া এক ওয়েব ঔপন্যাসিক ও এক স্বাধীন চলচ্চিত্র নির্মাতার মধ্যে সৃজনশীল রসায়নের জন্ম এবং এক আইডল প্রশিক্ষণার্থী ও তার প্রেমিকের মধ্যকার আবেগঘন মুহূর্তও উঠে এসেছে ছবিতে।
ছবিটির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শিম উন-কিয়ং, কিম মিন-হা, হান সন-হোয়া ও লি হি-জুন। আরও অভিনয় করেছেন জু জং-হিউক, জিওন সো-ইয়ং, চ্যাং রিউল ও কিম ডং-হুই।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত নাটকীয়তা বা জটিল গল্পের ওপর নির্ভর না করে চরিত্রগুলোর নিজস্ব অনুভূতি, আবেগ এবং সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনকে যত্নসহকারে তুলে ধরাই ছবিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অভিজ্ঞ অভিনেতাদের পাশাপাশি সম্ভাবনাময় নতুন অভিনয়শিল্পীদের সমন্বয়ে ছবিতে দলগত অভিনয়ের শক্তিও ফুটে উঠেছে।
কিম জং-কোয়ানের সঙ্গে বুসান চলচ্চিত্র উৎসবের সম্পর্ক দুই দশকেরও বেশি সময়ের। ২০০৫ সালে উৎসবে প্রিমিয়ার হওয়া অ্যান্থলজি চলচ্চিত্র ‘ওয়ান শাইনিং ডে’-এর একটি অংশ পরিচালনার মধ্য দিয়ে বুসানে তার যাত্রা শুরু। ২০১০ সালে তার একক পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম, ক্লোজার’ উৎসবে প্রদর্শিত হয়।
এরপর ২০১৬ সালে তিনি ‘দ্য টেবিল’ নিয়ে বুসান চলচ্চিত্র উৎসবে ফেরেন। ওই ছবিতেও একটি ক্যাফেতে চার জোড়া মানুষের সাক্ষাৎ ও সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছিল।
কিম জং-কোয়ানের উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ওয়ার্স্ট ওম্যান’ (২০১৬), ‘জুসে’ (২০২০) এবং ‘শেডস অব দ্য হার্ট’ (২০২১)। তিনি অ্যান্থলজি ও ওম্নিবাস প্রকল্পেও কাজ করেছেন। নেটফ্লিক্সের ‘পারসোনা’ সিরিজের ‘ওয়াকিং অ্যাট নাইট’ পর্বসহ ‘ভেস্টিজ’ ও ‘দ্য কিলারস’-এও তিনি পরিচালনা করেছেন।
এদিকে পরিচালকের আরেকটি অ্যান্থলজি চলচ্চিত্র ‘ফ্রস্টেড উইন্ডো’ শিগগিরই দক্ষিণ কোরিয়ায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত নভেম্বরে এটি লন্ডন কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। পরে ছবিটি জিওনজু ও নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে।
৩১তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ৬ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই সময়ে ২১তম এশিয়ান কনটেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট চলবে ১০ থেকে ১৩ অক্টোবর।









