২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, নতুন ভর্তি ৩৬৪ জন
বাংলালাইন ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৪৯ জন, চট্টগ্রামে ৭৬ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহে ২০ জন।
এ সময়ে ৩৫৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৩২ হাজার ১৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে।
মাসভিত্তিক হিসেবে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ৭৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩২ জন মারা গেছেন।
উল্লেখ্য, দেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে—৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরপর ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।









