লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাজ করছে ১০০ দমকলকর্মী
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন প্রায় ১০০ দমকলকর্মী।
শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। ভবনটি বর্তমানে ফ্ল্যাট ও রেস্তোরাঁ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ভবনের উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, যেই ভবনে আগুন লেগেছে, সেটি একসময় বিবিসি টেলিভিশন সেন্টার ছিল। ২০১৩ সাল পর্যন্ত সেটিই ছিল বিবিসির প্রধান কার্যালয়।
দমকল বিভাগ জানিয়েছে, আগুনে একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতার অংশ হিসেবে পার্শ্ববর্তী ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে উড লেনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভোরে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইকসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, আগুন এখনো জ্বলছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।




