370548

ব্যাংকের মূলধন ১০ শতাংশের কম হলে বোনাস বন্ধ: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে থাকে এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে ওই ব্যাংকের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হবে না। পাশাপাশি ওই ব্যাংকের কর্মকর্তারাও বোনাস পাবেন না।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ (এনআরবি) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ; আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, “গত কয়েক বছর অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছিল। আমরা তা থেকে উত্তরণের চেষ্টা করছি এবং কিছুটা সফলও হয়েছি। লক্ষ্য অর্থনীতিকে স্থিতিশীল করা।”

তিনি জানান, বর্তমানে ব্যালেন্স অব পেমেন্ট উদ্বৃত্ত রয়েছে। রেমিট্যান্সপ্রবাহ ২১ শতাংশ বেড়েছে এবং সংকট থাকা সত্ত্বেও রপ্তানিও বেড়েছে।

ঋণখেলাপির প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, জুন মাসের রিপোর্ট অনুযায়ী ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা করা হচ্ছে। এজন্য আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে সরকার পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু করবে। এতে কর্মকর্তা, আমানতকারী ও সামগ্রিক ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক ফল আসবে।

গভর্নর আরও বলেন, হুন্ডি কমে আসায় প্রবাসী আয়ের লিকেজ প্রায় ৩০ শতাংশ কমেছে। একইসঙ্গে আমদানি মূল্য কমেছে এবং অর্থপাচারও হ্রাস পেয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

তিনি স্বীকার করেন, ডলার সংকট নেই, তবে টাকার সংকট রয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে। “এটা একদিনে সম্ভব নয়, সময় লাগবে। আগস্টে চালের দাম বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে লক্ষ্য হলো তা ৫ শতাংশের নিচে নামানো।”

ad

পাঠকের মতামত