370214

ভারতের কাছে হেরে থেমে গেল বাংলাদেশের জয়যাত্রা

খেলা ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়ে মেয়েরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আলপি-অর্পিতারা।

ম্যাচের ১৪ মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেস দুর্দান্ত শটে জাল খুঁজে পান। বিরতির পরও লড়াই চালিয়ে যায় বাংলাদেশ, কিন্তু ৭৬ মিনিটে কর্নার থেকে বনিপিলা শুলাইয়ের ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।

এই হারের ফলে টানা পাঁচ ম্যাচের জয়ের ধারাও থেমে গেল বাংলাদেশের। শেষবার ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল তারা।

ভারত এর আগে নেপালকে ৭-০ গোলে হারিয়ে শুরু করেছিল টুর্নামেন্ট। দুই জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে, প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পয়েন্টশূন্য।

চার দলের এই প্রতিযোগিতা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। বাংলাদেশের হাতে এখনো চারটি ম্যাচ বাকি—দুইবার নেপালের বিপক্ষে, একবার ভুটান এবং শেষে আবার ভারতের বিপক্ষে। সুতরাং চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে এখনই ছিটকে পড়েনি দল।

ad

পাঠকের মতামত