আরিফ হোসেন খান।। তৃবেনি রাইয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেপ অব মোমো’ এশিয়ার অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (BIFF) ২০২৫-এর ভিশন বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বুসানে প্রতিবছর অনুষ্ঠিত হয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ার নতুন ও সাহসী নির্মাতাদের চলচ্চিত্র বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি এশীয় সিনেমার সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উৎসবটি।
BIFF-এর ভিশন বিভাগে এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনাময় ও ব্যতিক্রমী কাজগুলো প্রদর্শন করা হয়। উদীয়মান ও মধ্য-পর্যায়ের নির্মাতাদের সাহসী, মৌলিক ও নতুন ধারার গল্পের চলচ্চিত্র এ বিভাগে স্থান পায়।
ভিশন বিভাগে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ‘শেপ অব মোমো’ এশিয়ার সমসাময়িক চলচ্চিত্রের বেশ কিছু আলোচিত ও প্রতিশ্রুতিশীল কাজের সঙ্গে প্রদর্শিত হওয়ার সুযোগ পাচ্ছে।
এদিকে, আগামী সেপ্টেম্বরে সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও চলচ্চিত্রটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ‘শেপ অব মোমো’র যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।