টোকিও চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিভার সমারোহ
নুর হোসেন রাড়ী।। জাপানের রাজধানী টোকিওতে ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো ৩৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF)। ১০ দিনের এই আয়োজন টোকিওর কেন্দ্রস্থল হিবিয়া-ইউরাকুচো-মারুনোউচি অঞ্চলকে উৎসবমুখর করেছে। এবারের উৎসবে ২,০২৩টি চলচ্চিত্র জমা পড়ে, তার মধ্যে ২০৮টি নির্বাচিত ছবি প্রদর্শন করা হয়।
টিফের ইতিহাস ১৯৮৫ সালে শুরু হলেও এটি বর্তমানে এশিয়ার প্রাচীন ও বনেদি চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম। উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও বিশেষ বিভাগে বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোর পাশাপাশি জাপান, চীন ও তাইওয়ানও এই বছরের প্রতিযোগিতায় শক্তিশালীভাবে প্রতিনিধিত্ব করেছে।
প্রধান প্রতিযোগিতা বিভাগে টোকিও গ্রাঁ প্রি ও টোকিও গভর্নর পুরস্কার জিতেছে ইয়োশিদা দাইহাচির ‘টেকি কামেথ’ (শত্রু আসছে)। ৭৭ বছর বয়সী এক অধ্যাপকের নিঃসঙ্গ জীবন ও তাঁর দৈনন্দিন সংগ্রামকে হাস্যরস ও ডার্ক কমেডির মাধ্যমে উপস্থাপন করেছে এই চলচ্চিত্র। জুরি প্রেসিডেন্ট হংকংয়ের অভিনেতা টনি লিউং বলেন, “চলচ্চিত্রটি গভীর প্রজ্ঞা, আন্তরিকতা এবং জীবনের অপ্রকাশিত প্রশ্নের চিত্রায়ণ করেছে।” বর্ষীয়ান অভিনেতা নাগাৎসুকা কিয়োজো প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
কলম্বিয়ার ‘আদিওস আমিগো’ (আদিওস আল আমিগো) বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। ১৯০২ সালের ‘হাজার দিনের যুদ্ধ’কে কেন্দ্র করে গৃহযুদ্ধের পরের কলম্বিয়ার সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব চিত্রায়িত করা হয়েছে। চলচ্চিত্রটি ওয়েস্টার্ন ও অ্যাকশন শৈলীতে নির্মিত হলেও যুদ্ধবিরোধী বার্তা তুলে ধরে।
চীনের ‘বিগ ওয়ার্ল্ড’ বা ‘বিশাল বিশ্ব’ চলচ্চিত্রে সেরিব্রাল পালসি আক্রান্ত যুবক চুনহের সংগ্রাম ও স্বপ্নের প্রতিফলন দেখানো হয়েছে। এ ছবিটি দর্শকপ্রিয়তায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। পরিচালক ইয়াং লিনা বাস্তববাদ ও মানবিক দৃষ্টিকোণ থেকে চুনহের জীবনকে ফুটিয়ে তুলেছেন।
উৎসবের অন্যান্য বিভাগে ডার্ক কমেডি, ট্র্যাজেডি, ভৌতিক গল্প থেকে ওয়েস্টার্ন ও ফ্যান্টাসি—সব ঘরানার চলচ্চিত্রের সমন্বয় ছিল। TIFF-কম মেলায় বিশ্বব্যাপী চলচ্চিত্র পরিবেশক ও বিনিয়োগকারীরা যোগ দিয়ে শিল্পের বাণিজ্যিক প্রসারও নিশ্চিত করেছেন।
এ বছরও TIFF প্রমাণ করেছে যে, চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সমস্যা, জীবনসংগ্রাম ও মানবিক দৃষ্টিকোণ প্রতিফলিত করার শক্তিশালী মাধ্যম।




