টোকিও চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রিমিয়ার ‘গ্ল্যাডিয়েটর টু’
নুর হোসেন রাড়ী।। জাপানের টোকিওতে শুরু হয়েছে ৩৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০৮টি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে এ উৎসব ২৮ অক্টোবর উদ্বোধন করেন চেয়ারম্যান হিরোইয়াসু আন্দো। এবারের অফিসিয়াল পোস্টারে স্থান পেয়েছেন অস্কার মনোনীত জাপানি অভিনেত্রী কিকুচি রিনকো।
উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে শিরাইশি কাজুয়া পরিচালিত সামুরাই অ্যাকশন থ্রিলার ‘ইলেভেন রেবেলস’, আর সমাপনী ছবি হিসেবে থাকবে ক্রিস্তফ অনোঁরের ফরাসি-ইতালিয়ান কমেডি ‘মার্সেলো মিয়ো’। ১০ দিনের এই উৎসব চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে হলিউডের বহুল প্রতীক্ষিত ব্লকবাস্টার ‘গ্ল্যাডিয়েটর টু’-এর এশিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। ছবিটির প্রচারে লালগালিচায় হাজির হবেন পল মেসকাল, ডেনজেল ওয়াশিংটন, কনি নিয়েলসেন ও ফ্রেড হেশিঙ্গার। আইরিশ তারকা পল মেসকাল প্রথমবার টোকিওর লালগালিচায় পা রাখবেন। ছবি ইউকে-তে মুক্তি পাবে ১৫ নভেম্বর এবং উত্তর আমেরিকায় ২২ নভেম্বর।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে এবার ১১০টি দেশের ২ হাজার ২৩টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে নির্বাচিত হয়েছে ১৫টি ছবি। এই বিভাগে বিচারকদের নেতৃত্ব দিচ্ছেন হংকংয়ের অভিনেতা-পরিচালক টনি লিয়াং। প্যানেলে আছেন হাঙ্গেরির পরিচালক ইলদিকো আনিয়েদি, জাপানি অভিনেত্রী হাশিমোতো আই, ফরাসি অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি ও পরিচালক জনি টো। উৎসবের সর্বোচ্চ পুরস্কার টোকিও গ্রাঁ প্রি একটি নির্বাচিত ছবিকে দেওয়া হবে।
এশিয়ান ফিউচার বিভাগে ১০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যার মধ্যে রয়েছে ইরানি ছবি ‘দ্য বোরা’ ও ‘ওয়েট আনটিল স্প্রিং’। উইমেনস এমপাওয়ারমেন্ট বিভাগে প্রদর্শিত হবে ইরানের সার্বনাজ আলামবেইগি পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মেদিগোল’। এছাড়া হাঙ্গেরির কিংবদন্তি পরিচালক বেলা তার এ বছর পাচ্ছেন আজীবন সম্মাননা।




