368573

আলোচিত সেই উপস্থাপিকা নায়িকার প্রস্তাব ফেরালেন

বিনোদন ডেস্ক।। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা মুক্তি পেয়েছে। তাদের হাত ধরে রুপালি জগতে নাম লিখিয়েছেন—মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিণ, পূজাসহ অনেকে।

এবার সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে এ প্রযোজনা প্রতিষ্ঠান। সেই সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছে তারা। প্রথম পছন্দ হিসেবে জাজের কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।

বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, ‘সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন দীপ্তি। মূলত, ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা। সাবেক এক বিচারপতির দুর্ব্যবহারের জবাবও দেন অনুষ্ঠান শেষে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পরই আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি।

দীপ্তি প্রস্তাবটি ফেরানোর পর নতুন নায়িকার সন্ধানে আছেন প্রযোজক আজিজ।

 

ad

পাঠকের মতামত