367799

হঠাৎ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম কেন, যা বলছে বিসিবি

খেলাধূলা ডেস্ক।। ক্ষমতার পালাবদলের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের এই পদে বসার পর থেকেই নিজেকে কর্মব্যস্ত রাখছেন আসিফ। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে গেছেন তিনি।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আসিফ মাহমুদের পদার্পণের আগেই অবশ্য এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিক পরিচয়পর্ব সেরে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর দুজনে মাঠে প্রবেশ করেন। সেসময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও সঙ্গে ছিলেন।

হঠাৎ বিসিবিতে তামিম কেন এসেছিলেন এই বিষয়ে সুজন বলেন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না। কী পর্যায় থেকে… উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন। উনার সাথে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণঅভ্যুত্থানের পর থেকেই খোঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে আছেন। পাপন আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য বিসিবি। এরই মধ্যে গুঞ্জন চলছে, শীঘ্রই বিসিবি সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন নতুন কেউ। পদত্যাগে নাকি সম্মত হয়েছেন পাপনও। এই বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়েছে কি না এই প্রসঙ্গে সুজন বলেন, ‘আজকে কারও সঙ্গেই নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনের সঙ্গে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি।’

প্রসঙ্গত, বিসিবিতে এসে এদিন আসিফ মাহমুদ ইনডোরও পরিদর্শন করেছেন। সেসময় ছিলেন অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমে যান আসিফ মাহমুদ। এরপর যান একাডেমি ভবনে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিসিবিতে এসেছিলেন তামিম। তার কিছুক্ষণ পরই আসেন আসিফ মাহমুদ। এদিন বিসিবিতে ছিলেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল ও শাহরিয়ার নাফিসের মতো বিসিবির দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটাররা।

টাইগার ওপেনার তামিম লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত