আজকের ঘটনায় আমি হতবিহ্বল: ঢাবি শিক্ষক
নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের হাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভুইয়া মোনামি। শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলার ঘটনায় নিন্দা জানান অনেকে। তবে তিনি তার ব্যাপারে খোঁজ না নিয়ে আটক ওই শিক্ষার্থীর খোঁজখবর নিতে শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বুধবার (৩১ জুলাই) বিকেলে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানান তিনি।
শেহরিন আমিন লিখেছেন, শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য কল পাচ্ছি। আমি ক্ষমা চাইছি, কারণ সবার ফোন কল রিসিভ করতে পারছি না। আজকের ঘটনাটি হঠাৎ ঘটেছে এবং আমি এখনো হতবিহ্বল।
তিনি আরও লেখেন, তবে আমি বেশি দুশ্চিন্তায় রয়েছি ওই নিরপরাধ শিক্ষার্থীকে নিয়ে যাকে আমি তাদের হাত থেকে ফিরিয়ে আনতে পারিনি। যদি সম্ভব হয় দয়া করে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। বর্তমানে সে কোথায় আছে এবং তার অবস্থা কেমন?
এর আগে দুপুরে ঢাবি দোয়েল চত্বরে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন তিনি। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে পুলিশের ধাক্কায় ঢাবির নারী শিক্ষক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের হাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূইয়া।
বুধবার (৩১ জুলাই) ঢাবি দোয়েল চত্বরে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন তিনি।
শেহরীন আমিন ভূইয়া গণমাধ্যমে বলেন, ‘একজন শিক্ষার্থীকে পুলিশ তুলে নিতে চাইলে আমি বাধা দিই। বললাম তার অপরাধ কী, চেক করার থাকলে আপনি আমাদের সামনে করুন। কিন্তু তিনি কোনো কথা না শুনে বলপ্রয়োগ করলেন। আমার হাত মুচড়ে দিয়ে ছেলেটাকে নিয়ে যেতে চাইলে আবার ধরতে গেলে ধাক্কা দিলে আমি পড়ে যাই।’
তিনি বলেন, ‘হাঁটুতে ব্যথা পেয়েছি একটু, তবে হাত মুচড়ে যাওয়ায় বেশি ব্যথা পেয়েছি। আর বিস্তারিত বলার মতো শক্তি আমার নাই।’
এ বিষয়ে ঢাবি সহকারী প্রক্টর বদরুল হাসান বলেন, ‘বিষয়টি আমি মাত্র জানলাম। প্রক্টর স্যারের সঙ্গে কথা বলে বিষয়টির আমরা সমাধান করার চেষ্টা করব।’ খবর আরটিভি অনলাইন।






