ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক.. ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবনে দেশি-বিদেশি বহু অতিথির সামনে প্রজাতন্ত্রের ৯ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
চলতি বছরের মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর গত ৫ জুলাই রানঅফ নির্বাচনে সাঈদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থি হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান।
গত রোববার (২৮ জুলাই) তাকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
মঙ্গলবার পেজেশকিয়ানের শপথগ্রহণের অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। শপথ নেয়ার সময় পেজেশকিয়ান বলেন,
আমি প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কোরআন ও ইরানের জনগণের সামনে সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি, আমি দেশের সরকারি ধর্ম, ইসলামিক প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা ও সংবিধানের রক্ষক হব।
পেজেশকিয়ান দুই সপ্তাহের মধ্যে তার সরকার গঠন করবেন বলে আশা করা হচ্ছে। আর্মেনিয়া, তাজিকিস্তান, মিসর, সুদান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, আজারবাইজান, কিউবা, ব্রাজিলসহ প্রায় ৮০টি দেশের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এনরিক মোরাও।
এছাড়া আঞ্চলিক ইরান সমর্থিত মিত্ররাও উপস্থিত ছিলেন। যেমন হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালাহ।
লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রতিনিধিত্ব করেন গোষ্ঠীটির উপমহাসচিব নাইম কাসেম। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ছিলেন মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম।




