আমি ঘুমাতে পারি না যখন শহিদ মুগ্ধর গল্প পড়ি: আসিফ নজরুল
নিউজ ডেস্ক।। কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর গল্প পড়ে ঘুমাতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন ঢাবির এই অধ্যাপক।
তিনি বলেন, আমি ঘুমাতে পারি না, যখন মীর মাহফুজুর রহমান মুগ্ধর গল্প পড়ি। যে ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কুট ও পানি দেওয়ার জন্য। সে মারা যাওয়ার আগেও বলছিল, কারও পানি লাগবে, পানি লাগবে? এ অবস্থায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
আসিফ নজরুল বলেন, ঘুমাতে পারছি না যখন দেখছি ১১ বছরের একটা ছেলে বাসায় টিয়ার শেল ঢুকছে, সেটা আটকাতে গেলে ওই শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬ বছরের রিয়া মারা গেছে। ৪ বছরের শিশুটিও মারা গেছে।
তিনি আরও বলেন, আজকে আমরা শুনতে পাচ্ছি চলমান আন্দোলনে ২৬৭ জন নিহত হয়েছে। একজনও বাড়িয়ে বলছি না। প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, যে সংখ্যা প্রকাশ পেয়েছে এর থেকে অনেক বেশি মারা গেছে। অন্তত হাজারের বেশি মারা গেছে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)। গুলিবিদ্ধ হওয়ার আগে ছাত্রদের ডেকে ডেকে পানি খাওয়াচ্ছিলেন মুগ্ধ। উৎস যুগান্তর।






