সহিংসতায় নি.হত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ ৩৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এসময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়। তাণ্ডবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।’
সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।










