আমিরাতে বাংলাদেশিদের ভিসা কি বন্ধ, যা বলছে কনস্যুলেট
নিউজ ডেস্ক।। বাংলাদেশে সহিংসতার পক্ষে দুবাইয়ে সমাবেশ করার খেসারত দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বাংলাদেশিদের জন্য দেশটির ভিসা বন্ধের সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও, দুবাইয়ে বাংলাদেশের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন জানান, দেশটিতে একদল বাংলাদেশির বিক্ষোভের পর বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন বাতিল হচ্ছে। যাদের ভিসা আগেই ইস্যু হয়েছে, তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনায় পড়ছেন।
কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবলীলা চালিয়েছে নাশকতাকারীরা। আগুন দেয়া হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায়। পুড়িয়ে দেয়া হয়েছে অসংখ্য যানবাহন।
এসবের সমর্থনে দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে গ্রেফতার ৫৭ জনের বিরুদ্ধে আমিরাতের আদালত গত সোমবার শাস্তির বিধান রেখে রায় দেন। এতে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছর কারাদণ্ড দেয়া হয়।
বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, দুবাইতে বিক্ষোভের ঘটনায় তিন ক্যাটাগরিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে শাস্তির আওতায় আনা হবে।
এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ভিসা বন্ধ না হলেও, আবেদনকৃত ভিসা প্রত্যাখ্যান হওয়ার হার প্রায় ৯৫ শতাংশ। যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনায় মুখে পড়ছেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন। এ জন্য কিছু ‘অতি উৎসাহী’ প্রবাসীকে দায়ী করেন তিনি।
এদিকে, দুবাইয়ে বাংলাদেশিদের বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারাও। উৎস: সময়টিভি।








