361530

ভাড়া চাওয়ায় অটোচালককে ঘুষি মেরে হত্যা

নিউজ ডেস্ক।। নেত্রকোনার দুর্গাপুরে ভাড়া চাওয়ায় এক অটোরিকশাচালককে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে মারা যান তিনি। নিহত অটোরিকাশাচালকের নাম মোশারফ হোসেন (২২)। তিনি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।

অভিযুক্ত মো. নূর জামাল (২৪) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। জানা গেছে, তিনি পাশের কলমাকান্দা উপজেলার বরজান গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মোশারফ মাঝে মধ্যে তার বাবার অটোরিকশা চালাতেন। সেই সুবাদে তিনি নূর জামালের কাছে ২০ টাকা পেতেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার নূর জামালের কাছে সেই টাকা চান মোশারফ। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোশারফের মাথা-ঘাড় বরাবর এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন নূর জামাল।

এরপর স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেলেও পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে গত শুক্রবার স্থানীয় স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। কিন্তু সেখানে তার অবস্থার অবনিত হলে গতকাল শনিবার রাতে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু পথিমধ্যেই মৃত্যু হয় অটোচালক মোশারফের।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ad

পাঠকের মতামত