চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত (ভিডিও)
নিউজ ডেস্ক।। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১০টায় থেকে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের কয়েক হাজার কর্মী চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হতে থাকেন।
কয়েকজন নেতাকর্মীকে প্রবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ সদস্যরা লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। আর বিএনপির নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে।
এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন একাধিক বিএনপির নেতাকর্মী। আহতদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন। জানা গেছে কর্মসূচিতে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামও সেখানে ছিলেন।
ঘটনার পরপর ঢাকা উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে জিয়ার কবরমুখী সড়কে যেতে থাকলে পুলিশ ফের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এসময়ে নেতাকর্মীরা এদিক-ওদিকে ছুটতে থাকেন। পুলিশ ধাওয়া করে তাদের চন্দ্রিমা উদ্যানের সীমানার বাইরে বের করে দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে বেশকিছু যানবাহন ভাঙচুরও করে।
ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, পরিস্থিতি স্বাভাবিকই ছিল। আগেও তাঁরা এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু আজ বিএনপি নেতা আমানউল্লাহ আমানের পক্ষের উচ্ছৃঙ্খল কয়েকজন এসে হট্টগোল শুরু করে পুলিশের ওপর চড়াও হন। এতে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিএনপির নেতা–কর্মীরা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা–কর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। তবে পুলিশ বলছে, সেখানে এ কর্মসূচি পালনের জন্য বিএনপি অনুমতি নেয়নি।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখে পুলিশ মারমুখী হয়ে যায়। বিনা কারণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। রাবার বুলেট মারে। রাবার বুলেটে আমিনুল হক আহত হয়েছেন।
বিএনপি নেতা ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, মাজারে যাওয়ার আমাদের অনুমতি নেওয়া আছে, তারপরও পুলিশ মাজারে যেতে দিচ্ছে না।




