‘আমি ব্রাজিলের কারণে বিষপান করেছি, এটি সত্য নয়’
নিউজ ডেস্ক।। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার কারণে কক্সবাজারের রামুতে ব্রাজিল দলের সমর্থক মো. কামাল (২০) বিষপান করেছেন বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এই খবর সঠিক নয় বলে জানিয়েছেন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের এই যুবক।
আজ রোববার ব্রাজিল দলের ভক্ত মো. কামাল বলেন, ‘আমি খেলার জন্য বিষপান করিনি। এটি গুজব। ব্যক্তিগত সমস্যা নিয়ে এগুলো খেয়েছিলাম।‘
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এফাজুল হক জানান, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন মো. আব্দুর রহমান বলেন, সকালে কামাল নামের এক যুবককে বিষপান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে মো. কামাল বলেন, ‘খেলার বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি ব্রাজিলের কারণে বিষপান করেছি। এটি সত্য নয়, এটি গুজব। আমি এখন সুস্থ আছি।’
প্রসঙ্গত, আজ বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেকার এই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।




