বিধিনিষেধের ৫ম দিনে অকারণে বাইরে বের হওয়ায় গ্রেপ্তার ৫০৯, জরিমানা প্রায় ১৪ লাখ
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধের পঞ্চম দিন অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫০৯ জনকে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির ৮টি বিভাগের ৫১টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টে ২৮৭ জনকে ১ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমর্পি ট্রাফিক বিভাগ ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
গত ১ জুলাই থেকে শনিবার পর্যন্ত বিধিনিষেধের তিন দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিন ৬২১ এবং চতুর্থ দিন ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




