২৯ বছর পর সেমিতে ডেনমার্ক
খেলাধূলা ডেস্ক।। রূপকথার গল্প গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডেনমার্ক। ২৯ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। সেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছিল ডেনিশরা।
এরপর দু’বার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলেও চলতি আসরে ঠিকই সাফল্যের দেখা পেয়েছে তারা।
প্রথমার্ধে দুই গোল করা ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি চেক রিপাবলিক। হেরে বিদায় নেয় নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে উঠা চেকরা।
আজ শনিবার রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। টমাস ডেলানি ও কাসপের ডলবার্গের পিছিয়ে পড়ার পর চেকদের হয়ে ব্যবধান কমান পাত্রিক শিক।
প্রথমার্ধের পুরো সময়জুড়ে আক্রমণে আধিপত্য ধরে রাখে ডেনমার্ক, দ্বিতীয়ার্ধে আত্মরক্ষার কৌশলে যায় ডেনিশরা। আর বিপরীতে আধিপত্য দেখায় চেক রিপাবলিক। বল দখলে কিছুটা এগিয়ে থাকা চেকরা ম্যাচে গোলের জন্য শট নেয় ১৬টি, ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ডেনমার্কের ১১ শটের ৭টি লক্ষ্যে ছিল।
শুরুটা দুর্দান্ত হয় ডেনমার্কের। মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাচের প্রথম কর্নারে ডি-বক্সের ভেতর হেডে বল জালে পাঠান অরক্ষিত মিডফিল্ডার ডেলানি। এগিয়ে যাওয়ার পর আধিপত্য ধরে রাখে তারা। একেরপর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ডলবার্গ। বাঁ দিক থেকে ইওয়াখিম মেইলের দারুণ ক্রসে ছয় গজ বক্সের মুখে ভলিতে ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। আসরে ডলবার্গের এটি তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আধিপত্য ধরে রাখতে শুরু করে চেক। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে তারা। প্রথম তিন মিনিটে তিনটি সুযোগ তৈরি করলেও ডেনিশদের জমাট বাধায় গোলের দেখা পায়নি তারা। ৪৯তম মিনিটে চেকদের আর আটকে রাখতে পারেনি ডেনিশরা। ডান দিক থেকে ভ্লাদিমির কুফলের নিচু ক্রসে ডি-বক্সে ভলিতে ব্যবধান কমান শিক।
ব্যবধান কমিয়ে দুর্দান্ত খেলতে থাকে চেক। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারা। কিন্তু ডেনিশদের জমাট রক্ষণের কারণে পেরে উঠতে পারেনি তারা। হেরে বিদায় নেয় চেকরা।




