শ্যালকের স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, দুলাভাই খুন
নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের রৌমারীতে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে এরশাদুল ইসলাম (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদুল ইসলাম খেয়ারচর গ্রামের সুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাসুদ রানা (২০) নামের এক যুবক। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদুল দীর্ঘদিন ধরে তার চাচাতো শ্যালক রাশেদুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বিষয়টি জানাজানি হলে গৃহবধুর ছোটভাই একই গ্রামের শিহাব ক্ষিপ্ত হয়ে ধারাল ছুড়ি দিয়ে এরশাদুলের গলায় আঘাত করেন। এরশাদুলকে বাঁচানোর চেষ্টা করলে মাসুদ রানাকেও ছুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন শিহাব।
এ সময় মাসুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে, খবর পেয়ে এরশাদুলের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




