ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হাসহ চারজন
ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান ব্যক্তিগত কারণে সফর সঙ্গীদের নিয়ে মোবাইল বন্ধ করে গাইবান্ধায় এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন রংপুরের উপ-পুলিশ কমিশনার (ডিবি) আবু মারুফ হোসেন।
শুক্রবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
শুক্রবার সকালে তারা নিজেরাই রংপুরে ফিরেছেন। প্রাথমিকভাবে এই তথ্যই পাওয়া গেছে। তদন্তের জন্য আদনান ও তার সফরসঙ্গীদের থানায় রাখা হবে বলেও জানিয়েছেন আবু মারুফ হোসেন।
ত্ব-হার পারিবারিক বাড়ি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকায়। তিনি প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে একটি ভাড়া বাসায় থাকেন। শুক্রবার সেখান থেকেই তাকে ডিবি পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য নেয়।
তার ঢাকার পল্লবীর লালমাটিয়া এলাকার এক বাসায় থাকেন ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার।




