358160

বরিশালে বিয়ের অনুষ্ঠানে হামলা, কুপিয়ে দুজনকে হত্যা

নিউজ ডেস্ক।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে দিনদুপুরে বিয়ে বাড়িতে হামলা করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংলগ্ন হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি ঘটনার শিকার পরিবারটির। এ পরিবারটিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নিহত দুজন হচ্ছেন- রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)।

উত্তর উলাউনিয়ার ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রব ঢালী জানান, আজ দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি বসতঘরগুলো কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়।

সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকেবরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালী মারা গেছেন।

ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করেন। তিনি জনান, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামি। এ কারণে গত একমাস যাবত আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত না। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হামলায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে রয়েছেন।

 

ad

পাঠকের মতামত