357959

ঈদের নামাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নিউজ ডেস্ক।। মাদারীপুরের শিবচরে ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলার কাঁঠালবাড়ি এলাকার শিকদার কান্দি গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাদন আকনের সমাজ থেকে কিছু লোক একই এলাকার আমিন শিকদারের সমাজে যোগ দেন। এরা শিকদার বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করতে যায়।

পথিমধ্যে দাদন আকনের লোকজন তাদেরকে অন্য সমাজে যেতে দিবে না বলে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আমিন শিকদারের গ্রুপের লোকের দাবি, দীর্ঘদিন ধরে আমরা আকনদের সমাজে ছিলাম। তারা আমাদের প্রতি অনেক অত্যাচার করত। এবারের ঈদের আমরা তাদের সমাজ ছেড়ে দিয়ে অন্য সমাজের যাওয়াতে তারা আমাদের উপর আঘাত করেছে।

তবে আকন গ্রুপের প্রধান দাদন আকন বলেন, যারা আমাদের সমাজ ছেড়ে চলে যাচ্ছিল, আমি তাদের কাছে টাকা পাব। আমাদের সমাজে যেহেতু তারা থাকবে না তাই আমি আমার পাওনা টাকা চেয়েছি। এই কারণেই তারা আমাদের উপর হামলা করেছে।

শিবচর থানা ওসি মো. মিরাজ হোসেন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো পক্ষে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: যুগান্তর।

 

ad

পাঠকের মতামত