২৭ বছর বয়সেই ফেসবুকে প্রেম করে তিন বিয়ে, চতুর্থতে ধরা
নিউজ ডেস্ক।। ২৭ বছর বয়সেই ফেসবুকের মাধ্যমে প্রেম করে তিন বিয়ে করেছেন প্রতারক আবু রায়হান মনির। চতুর্থ বিয়ে করতে গিয়ে পুলিশের ফাঁদে আটকা পড়ে গ্রেপ্তার হয়েছেন। তৃতীয় স্ত্রীর দায়ের করা প্রতারণা মামলায় গতকাল শুক্রবার দুপুরে মনিরকে বগুড়া শহরের সাতমাথা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আবু রায়হান মনিরকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শাজাহানপুর থানা পুলিশ।
আবু রায়হান মনির বগুড়া সদরের আকাশতারা গ্রামের বাসিন্দা। মনির বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিট) বগুড়া থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাসের পর একটি কসমেটিকস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত।
থানা সূত্রে জানা যায়, আবু রায়হান মনির ফেসবুকে শাজাহানপুর উপজেলার টেকুরগাড়ী গ্রামের অনার্স চতুর্থ বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর তার আসল নাম-পরিচয় গোপন করে ভুয়া পরিচয়ে ২০২০ সালের জুন মাসে ওই ছাত্রীকে বিয়ে করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলে শাশুড়ির কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে উধাও হয় মনির। এরপর মনিরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে থানায় নারী ও শিশু ডেস্কে সহায়তা চায় মেয়েটি। নানা কৌশল অবলম্বন করে অবশেষে হোয়াটসঅ্যাপে নারী সেজে প্রেমের অভিনয় করে ফাঁদে ফেলে গতকাল শুক্রবার মনিরকে বগুড়া সাতমাথা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের নারী ও শিশু ডেস্কের কর্মকর্তা এসআই জেবুন্নেছা জানান, আবু রায়হান মনিরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে তার প্রতারণার অজানা তথ্য।
২০১২ সালে বগুড়ার গাবতলী উপজেলার নিশি আকতার নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। সংসার জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। শিশুকন্যার বয়স যখন চার বছর তখন অসৎ চরিত্র অপবাদ দিয়ে স্ত্রীকে তালাকা দেন মনির। এরপর ২০১৭ সালে বগুড়া সদরের পীরগাছা এলাকার সানজিদা নামের আরেক নারীকে প্রেমের ফাঁদে ফেলে দ্বিতীয় বিয়ে করেন। এই সংসারও বেশি দিন স্থায়ী হয়নি।
স্বার্থ ফুরিয়ে গেলে তাকে তালাক না দিয়ে শুধু সম্পর্ক ছিন্ন করে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসে মনির। কিন্তু বিধিবাম। তৃতীয় স্ত্রীর সঙ্গে প্রতারণা করে শেষ রক্ষা হলো না এই যুবকের।
তাকে ধরতে চতুর্থ নারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে পুলিশ এক নারীকে প্রেমিকা সাজিয়ে দেখা করার জন্য ডেকে এনে গ্রেপ্তার করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আবু রায়হান মনির একজন প্রতারক শ্রেণির যুবক। মামলার পর তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।




