356187

‘শিশুবক্তা’ রফিকুলের নামে আরেকটি মামলা

নিউজ ডেস্ক।। ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মারাত্মক মিথ্যা ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ ও আইনশৃঙ্খলা অবনতি করে অপরাধ সংগঠন করেছেন কথিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম।

গত বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। পরদিন বৃহস্পতিবার র‍্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগার-২-এ রয়েছেন।

এ ছাড়া একই দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে আদনান শান্ত নামের এক ব্যক্তি রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

আজ রোববার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, রফিকুল গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায় বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। এ ছাড়া কয়েকজন বক্তা ওয়াজ মাহফিলের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন, তাদের অন্যতম রফিকুল। তার বক্তব্য সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।

গাজীপুর মেট্টোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বাসন থানায় ডিজিটাল আইনে রোববার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলটি দায়ের করেন স্থানীয় মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।

 

ad

পাঠকের মতামত