356196

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ তরুণীকে প্রকাশ্যে পিটুনি

নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাটে দুই সন্তানের জননী ও ইন্সুরেন্স কর্মী তরুণীকে (২২) ধর্ষণে ব্যর্থ হয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তবর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরকুনিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার ওই তরুণী একটি ইন্সুরেন্স কোম্পানির টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার শাখার কর্মী। আহত ওই তরুণীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার তরুণী বলেন, স্বামী ২য় বিয়ে করার পর দুই সন্তানকে নিয়ে চরকুনিয়া গ্রামে বাবার বাড়িতে থাকি। ওই গ্রামের মুনসুর শেখের ছেলে আমিনুর শেখ (২৮) দীর্ঘদিন ধরে আমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। আমি তাকে বারবার প্রত্যাখান করায় সে ক্ষিপ্ত হয়। শনিবার সকালে বাড়ির পাশের একটি দোকানে শ্যাম্পু কিনতে যাই। সেখানে আমিনুর ও তার সহযোগি চরকুনিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে হাফিজ গাজী (২৯), আবুল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৫) ও কুনিয়া গ্রামের নোয়াব আলী শেখের ছেলে শিহাব শেখ (৩২) অশ্লীল ভাষায় আমাকে উত্ত্যক্ত করে। আমি প্রতিবাদ করলে আমিনুর আমার চুল ধরে দোকানের ভেতর ফেলে দেয়। এসময় তারা ধর্ষণের চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করে। এক পর্যায়ে আমি সেখান থেকে বাইরে বেড়িয়ে আসি। পরে সবার সামনেই ৪ বখাটে আমাকে মারপিট করে।

চরকুনিয়া গ্রামের এলিজা বেগম, জগরুল শেখসহ প্রতক্ষ্যদর্শীরা জানান, ওই তরুণী জামা ছেড়া অবস্থায় চিৎকার করতে করতে দৌড়ে এসে জানায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর ওই তরুণীকে প্রকাশ্যে সবার সামনেই মারপিট করে আমিনুর ও তার ৩ সহযোগী।

এ বিষয়ে জানতে আমিনুর শেখের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা দিয়েও তার কোন সাড়া মেলেনি।

তবে অভিযুক্ত শিহাব শেখ বলেন, ঘটনার আমি কিছুই জানি না। প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে মিথ্যা ঘটনা রটাচ্ছে।

বাগেরহাটের চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, শ্যাম্পু বিক্রি নিয়ে চরকুনিয়া বাজারে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তরুণীকে নির্যাতন বা মারপিটের কোন খবর আমরা পাইনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

ad

পাঠকের মতামত