হত্যা মামলার সাক্ষী স্বামী-স্ত্রীর লাশ মিলল খালে
নিউজ ডেস্ক।। মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগমের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় লাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত সোমবার রাতে মোয়াজ্জেম ও মোকসেদা বেগম দম্পতি বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হন। সেদিন রাত থেকেই পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করতে থাকেন।
অবশেষে দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের একটি খালে কচুরিপানার মধ্যে তাদের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায় পরিবার ও এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মোয়াজ্জেম সরদার আলীনগর এলাকার রাজাচর গ্রামের মফছের সরদারের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। হয়তবা এর জেরেই এ হত্যার ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহত দুজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে।




