ভাড়া নিয়ে ঝামেলার কারণেই ওই নারীকে ছুঁড়ে ফেলে হয় (ভিডিও)
নিউজ ডেস্ক।। ঢাকার কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মূলত ভাড়ার টাকা নিয়ে ঝামেলার কারণেই ওই বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে নারীকে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ। তিনি জানান, আজ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার ধলেশ্বর সাকিনস্থ কুচিয়ামারা এলাকায় অভিযান পরিচালনা করে সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত চালকের নাম মো সবুজ (২৫) ও হেলপারের নাম মো. নাহিদ (১৯)। এসময় তাদের কাছ থেকে দুটি মোবইল ফোন, নগদ ৮০০ টাকা ও একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। এছাড়া উক্ত ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ৭ মার্চ সকালে ওই নারীযাত্রী কেরাণীগঞ্জ মডেল থানার কোনাখোলা এলাকা থেকে ‘এন মল্লিক’ পরিবহনের এসি বাসে (যার নম্বর ঢাকা মেট্রো ব- ১৩-১৫২১) উঠেন। চলন্ত বাসে বাকপ্রতিবন্ধী ওই নারী যাত্রীর সঙ্গে বাসের চালক ও হেলপার ভাড়া নিয়ে ঝামেলা করেন। এরই একপর্যায়ে বাকপ্রতিবন্ধী ওই নারী যাত্রীকে রোহিতপুর এলাকায় চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই নারী যাত্রী মারাত্মকভাবে আহত হয় বলে জানা যায়। এসময় স্থানীয় জনগণ ওই নারীকে মাটিতে পড়ে গোঙ্গরাতে দেখে তাকে উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ জানান, এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে র্যাব- ১০ এর একটি দল অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার ধলেশ্বর সাকিনস্থ কুচিয়ামারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
https://www.facebook.com/banglaline24/videos/763078294594520




