রিহানা সুনিধি চৌহান ও নেহা কক্করের মানের গায়িকা: কঙ্গনা
ভারতে কৃষক আন্দোলনের সমর্থনে কথা বলায় পপ তারকা রিহানার বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকার থেকে ফের রিহানাকে কটাক্ষ করলেন অভিনেত্রী। দাবি করলেন এই টুইটের জন্য রিহানার কাছ থেকে ১০০ কোটি টাকা দাবি করা উচিত।
কয়েক দিন আগে কৃষক আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করে রিহানা লিখেছিলেন, এই বিষয়টি নিয়ে আমরা কেন কথা বলছি না। আর তার পরেই মুহূর্তে সারা বিশ্বে কৃষক আন্দোলনের বিষয়টি ছড়িয়ে পড়ে। কঙ্গনাও এরপরেই রিহানাকে আক্রমণ করা শুরু করেন। এমনকি রিহানার কর্মজীবন নিয়ে কটাক্ষ করেছেন তিনি।
রিহানাকে গায়িকা সুনিধি চৌহান ও নেহা কক্করের সঙ্গে তুলনা করে তিনি বলেন, রিহানা তো সুনিধি চৌহান ও নেহা কক্করের মানের গায়িকা। তিনি নিজের শরীর দুলিয়ে ও দেখিয়ে ক্যামেরার সামনে শুধু গান গাইতে পারেন। বেশি কিছু নয়।
লতা মঙ্গেশকরকেও এই প্রসঙ্গে টেনে আনেন কঙ্গনা। তিনি বলেন, রিহানা কোনও গায়িকাই নন। গায়িকা হলেন লতা মঙ্গেশকর। কঙ্গনা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের তাণ্ডব নিয়ে কিছু বলল না, সে হঠাৎ একদিন সকালে উঠে কৃষকদের নিয়ে কথা বলা শুরু করল। কোথা থেকে টাকা পাচ্ছে এরা? রিহানার থেকে অবশ্যই ১০০ কোটি টাকা দাবি করা উচিত।”
কঙ্গনা জানান কৃষক আন্দোলনের বিরোধিতা করায় তিনি ১৫ কোটি টাকার এনডোর্সমেন্ট চুক্তি হারিয়েছেন। বলিউডেও বেশ কিছু ক্ষেত্রে তাকে বয়কট করা হয়েছে।




