353119

দুরন্ত ফ্রিকিকে মেসির ৬৫০

স্পোর্টস ডেস্ক।। বার্সেলোনার জার্সিতে ৬৫০তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার এই মাইলফলকের রাতে রবিবার ন্যু ক্যাম্পে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সা।

দিনের অন্য ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে কাদিজকে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে ১০ পয়েন্টের লিড নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

পাঁচ জনের দেওয়াল ও দেওয়ালের নিচে শুয়ে থাকা একজন বিলবাও ফুটবলারও ঠেকাতে পারেননি ম্যাচের ২০তম মিনিটে নেওয়া মেসির ফ্রিকিক। দুর্দান্ত এক বাঁকানো শটে জাল খুঁজে নেয় মেসির ফ্রিকিক।

অধিনায়কের ৬৫০তম ক্লাব গোলের পর বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই বিলবাওয়ের একটি ক্রস নিজেদের জালে জড়িয়ে বসেন বার্সেলোনা ফুলব্যাক জর্ডি আলবা। ৭৪ মিনিটে অস্কার মিনগিয়েজার পাস থেকে দলের জন্য জয়সূচক গোলটি করেন আতোঁয়ান গ্রিজমান। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা।

আর ওদিকে বার্সা-রিয়াল দুই দল থেকেই ১০ পয়েন্টের দূরত্ব তৈরি করে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাও এক ম্যাচ কম খেলে। কাদিজে ম্যাচের ২৮তম মিনিটে সুয়ারেজের দুর্দান্ত এক ফ্রিকিকে এগিয়ে যায় অ্যাটলেটিকো।

এরপর আলভারো নেগ্রেডোর গোলে কাদিজ দুই দুই বার ম্যাচে ফিরার চেষ্টা করলেও সুয়ারেজ-ফেলিক্সদের সামনে অসহায় আত্মসমর্পণ করে তাদের রক্ষণ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে পিচিচির দৌড়ে নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যান সুয়ারেজ। অ্যাটলেটিকোর বাকি দুইটি গোল করেছেন সাউল নিগুইজ ও অধিনায়ক কোকে।

 

ad

পাঠকের মতামত