351710

বিএনপির রাজনীতিবিদরা রাজনীতির কাক: তথ্যমন্ত্রী

ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আর যাঁরা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তাঁরা সবাই রাজনীতির কাক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

‘বিএনপির রাজনীতিবিদরা রাজনীতির কাক’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছেন। খাবারের উচ্ছিষ্ট রাস্তায় বিলিয়ে যেমন প্রচুর কাকের সমাবেশ হয় তেমনি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আর যাঁরা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তাঁরা সবাই রাজনীতির কাক।

তথ্যমন্ত্রী বলেন, গত ১২ বছর ধরে তারা (বিএনপি) সরকারকে উৎখাত করতে গিয়ে নিজেরাই জনগণ থেকে উৎখাত হয়েছে। আমি তাদের অনুরোধ জানাব, সরকার উৎখাতের যে কথা আপনারা প্রতিনিয়ত বলছেন এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন, এখনও নিজেদের হাস্যকর করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনার ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন।

তিনি আরও বলেন, এতদিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন, মানুষ হত্যার রাজনীতি করেছেন এবং মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছেন— এগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে। ফকরুল সাহেব গতকালও কথা বলেছেন। আশা করেছিলাম বছরের প্রথম দিনে মির্জা ফখরুল ইসলাম তার কথাবার্তায় পরিবর্তন আনবেন। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, দুঃখজনক হলেও সত্য বছরের প্রথম কয়েকটা দিনে তার মধ্যে ভাষার কোনো পরিবর্তন আসেনি। তিনি যে ভাষায় কথা বলছেন, এ বছরেই তিনি নাকি সরকার উৎখাত করবেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

ad

পাঠকের মতামত