351601

তাকদির : অসংলগ্ন গল্পে ভালো অভিনয়

সম্প্রতি ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ‘হইচই’ এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘তাকদির।’ বাংলাদেশি প্রেক্ষাপটের ওপর নির্মিত এই ওয়েব সিরিজ নিয়ে সোশ্যাল সাইটগুলোতে আলোচনা সমালোচনা হচ্ছে বেশ ক’দিন ধরেই। অনেকেই বলছেন, দুর্দান্ত হয়েছে। অনেকেই বলছেন অনেকদিন পর ভালো একটি কাজ হয়েছে। আবার কেউ কেউ বলছেন এতো অসংলগ্ন গল্প নিয়ে এতো আলোচনা কিসের?

নেটিজেনদের মতে চঞ্চল চৌধুরী সহ বাংলাদেশের সকল শিল্পী দুর্দান্ত অভিনয় করেছেন। তাকদীর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত বাংলা ওয়েব সিরিজ। হইচই পঁচিশটি ওয়েব সিরিজের ঘোষণা করে, তাদের মধ্যে বাংলাদেশ কেন্দ্রিক তাকদীর অন্যতম। মূলত সংবাদ সংগ্রহ করতে যাওয়া একজন নারী সাংবাদিকের মৃত্যুকে কেন্দ্র করে এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে।

এতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মনোজ কুমার প্রামানিক, সানজিদা প্রীতি, পার্থ বড়ুয়া ও সোহেল মন্ডল। বিশেষ করে চঞ্চলের সঙ্গে সোহেল মণ্ডলের যে রসায়ন ফুটে উঠেছে তা জীবন্ত ও মুগ্ধকর-অন্তত নেটিজেনদের তাই মত। কিন্তু গল্পের অসংলগ্নের প্রসঙ্গটাই উঠে আসছে বারবার। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা বলছেন, তাকদীর সিরিজে পত্রিকা অফিসের যে যে প্রচলিত নিয়ম দেখানো হয়েছে তা পুরোটাই অসলংগ্ন। এমনটা পত্রিকা অফিসে হয় না।

একজন সিনিয়র গণমাধ্যমকর্মী নিজের ফেসবুকে লিখেছেন, ‘তাকদীর দেখলাম, অভিনয় আর মেকিং ছাড়া বাকি সবটাই এত অযৌক্তিক! সময় নষ্ট করে লাভের লাভ একটাই হলো। জানতে পারলাম এদেশে মিডিয়ার কাজের ধরন বা একজন যুক্তিবাদী হাইপ্রোফাইল সাংবাদিকের বিবেচনার জায়গা বা বড় পত্রিকার কর্মপদ্ধতি এইসব নিয়ে কাহিনিকারদের আরো স্টাডি করা দরকার । মিডিয়ার গল্প নিয়ে বিশাল রিভিউ লেখা যেত, কিন্তু মনে হচ্ছে সর্বঅঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা!’

অর্থাৎ এই ওয়েব সিরিজের সর্বাঙ্গেই ব্যাথা রয়েছে। যেগুলোকে ধাপে ধাপে খণ্ডন করা যায়। যাই হোক আরেকজন গণমাধ্যমকর্মী লিখেছেন, ‘সংবাদ সংগ্রহ করতে যাওয়া একজন হাইপ্রোফাইল সাংবাদিককে মেরে ফেলা হলো; সঙ্গে গুম করা হলো তার সঙ্গী আরেক ফটো সাংবাদিককেও! অথচ আপনারা শুধু একজন সাংবাদিকের ছবি ছেপে পত্রিকায় আট কলামে লাল রঙে শিরোনাম করে দিলেন। ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস, সংখ্যালঘুদের ঘর-বাড়িতে আগুন, ভিটেবাড়ি উচ্ছেদ, গণধর্ষণ, ভাইরাল করা হলো ভিডিও! অথচ আপনারা অভিযুক্তদের বাদ দিয়ে ভিকটিমের ছবি ছেপে পত্রিকায়।’

অনেকের মতেই ১৫ থেকে ১৮ মিনিটে শেষ হয়ে যাওয়া গল্পটাকে অনর্থক ঘোরানো হয়েছে। দর্শকরা হয়তো সাসপেন্সের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের দেওয়া হলো একটি ‘ফাঁপা’ গল্প। মৌসুমী নামের একজনের বক্তব্য, একজন ধর্ষিতা ও একজন প্রভাবশালীর সাক্ষাৎকার নিয়ে ফেরার সময় নারী সাংবাদিককে ফেরিতে গুলি করে মেরে ফেলা হলো, সঙ্গে ছিল তরুণ সহকর্মী ফটো সাংবাদিক। যে ফটোসাংবাদিক লাশ নিয়ে এতো ঘটনাই ঘটালেন শেষদিকে সে নির্বিকার হয়ে গেল, তার কোনো ভূমিকাই নেই। কেন? তার ওপরে অনেক দর্শকের ফোকাস ছিল অথচ কাহিনিকার তাকে নিয়ে আর লিখতে না পেরে গল্পের আগামাথা হারিয়ে ফেললেন।’

গল্প খটকা লেগেছে আরো অনেকেরই যারা বিভিন্ন আলোচনায় বা ফেসবুকে লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন, নারী সহকর্মীকে সন্ত্রাসীরা গুলি করে মারলো। সেই লাশ ফেরির একটা লাশবাহী অ্যামবুলেন্সে ওঠানো হলো, এই দৃশ্য তো সহজ নয়। আর সহকর্মীর কাজ তো সেটা নয়। একজন সাংবাদিক সে তার পালিয়ে যাওয়া দেখানো হয়েছে ওই অঞ্চলের প্রভাবশালী সায়মনের কারণে। এতো ফটোসাংবাদিক ফেরিতে হই চই শুরু করলেও। ওই মৃত্যুর একটা কিনারা হতো। গল্প সেখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু ফ্রিজিং ভ্যানে লাশ চলে গেল ঢাকায়। সেই ফটোসাংবাদিক যে উদ্দেশ্যে নারী সাংবাদিকের লাশ ভ্যানে উঠিয়েছিল তা তো ঢাকা গেলেই সম্পন্ন হবার কথা। সেই লাশ বরিশাল গেল, আবার শরীয়তপুর গেল- এসব একদম বেখাপ্পা। আর একটা ভ্যানে যখন একটি পরিবারের মৃতদেহ ওঠানো হয় তখন ওই ভ্যানে পাশে একটি লাশ আছে, সেটা বোঝা যাবে না? অন্য একটি লাশের সঙ্গে বদলে ফেলে বরিশালে দাফন করা হয় ওই সাংবাদিক নারীর লাশ। ওখানকার স্বজনরা কি একবারও তাদের মৃত স্বজনের মুখ দেখবে না? যদিও লাশের অবস্থা খারাপ বলে একতা সংলাপ দেওয়া হয়েছিল।

নেটিজেনদের একাংশ বলছেন মেমরি কার্ড নিয়ে এমন অনেক গল্পে নাটক সিনেমা হয়েছে। একটি পত্রিকার ফটোগ্রাফার লাশটিকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর না করে সে ফেরিঘাট থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল, শরীয়তপুর এসব করে বেড়ালো, এর অর্থ কী? সে লাশের পেট থেকে মেমরি কার্ড বের করে বাঁচতে চাইছিল, এজন্য তারা শরীয়তপুরে একজন ডোমকে নিয়ে এসে পেট কাটায়- এসব খুবই দুর্বল। মনোজ প্রামাণিককে সাংবাদিকের যে চরিত্রে দেখানো হয়েছে, সাধারণ মানূষের নিকট সহজ মনে হলেও সেটা আসলে বেমানান। ঢাকার প্রধান অফিসে কর্মরত একজন ইয়াং ডাইনামিক জার্নালিস্ট এতো বোকা হতে পারে না। আর সংবাদ সংগ্রহের যে সিস্টেম তা পুরোটাই পত্রিকা অফিসের নিয়মের বাইরে।

শরীয়তপুর থেকে লাশবাহী ফ্রিজিং ভ্যানে মাছ নিয়ে আসছিল তাকদির। হুট করেই সেই ভ্যানে একটি লাশের সন্ধান মিলল। শরীয়তপুর থেকে ঢাকা এই দীর্ঘ পথে হুট করে লাশ দেখানো হলো। আর যে সাংবাদিককে দেখানো হলো দ্বিধাগ্রস্ত সে কি না, তালাবদ্ধ লাশবাহী ফ্রিজিং ভ্যানে তালা খুলে নারী সহকর্মীর লাশ ঢুকিয়ে ফেললো? ঢাকা থেকে তাকদির যখন বরিশালে যাচ্ছিল তখন সে মন্টুকে ডাকে, ঢাকার অদূরে পূর্ভাচলের নিকট শরীয়তপুরে থেকে মন্টু কি উড়ে এলো?

তবে এসব সমালোচনা ছাপিয়ে তাকদির সাধারণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাকদির। চঞ্চল চৌধুরী, সোহেল মণ্ডল, মনোজ, পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি, মীর রাব্বী- এরা প্রত্যেকের জায়গায় শতভাগ অভিনয়টাই দিয়েছেন। আর এই এই অভিনয়টাই এই ওয়েব সিরিজের মূল শক্তি, গল্প নয়- এমনটাই মনে করছেন নেটিজেনরা।

চঞ্চলের কথা টেনে নেটিজেনরা বলছেন, ‘বলিউডের যদি একজন নওয়াজউদ্দিন সিদ্দিকী থাকে তাহলে আমাদের আছে একজন চঞ্চল চোধুরী।’

সোহেল মন্ডলকে নিয়ে আবিদা রুচি লিখেছেন, যার অভিনয়ে মুগ্ধ হয়েছি, তিনি হচ্ছেন মন্টু চরিত্রটি। পঞ্চায়েত” সিরিজে এরকম একটা সাইড দুর্দান্ত ক্যারেক্টর দেখেছিলাম। আমার কাছে অভিনয় মানে নায়ক, নায়িকা বা সারাক্ষণ পর্দায় থাকা নয়, তুমি ৫ মিনিটের জন্য স্ক্রিনে আসলেও দেখিয়ে দিতে যদি সক্ষম হও, তুমি কি জিনিস, তাহলেই কেবল তুমি একজন আর্টিস্ট। তাকদির দেখে মনে মনে উপলব্ধি হলো ‘বাংলাদেশ একজন জেনুইন আর্টিস্ট পেল।’

তাকদির নিয়ে আলোচনা হচ্ছে না কেন এ নিয়ে সামান্য ক্ষোভ প্রকাশ করেছেন শবনম ফারিয়া। ইনস্টাগ্রামে লাইভে এসে বলেন, ‘এটা খুবই ভালো একটা কাজ এটা নিয়ে আরো আলোচনা হওয়া দরকার। আমি একজন অভিনয়শিল্পী, আমি জানি এটা অনেক ভালো হয়েছে এটা নিয়ে বেশি বেশি কথা হওয়া উচিৎ।

ad

পাঠকের মতামত