ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭
ক্রোয়েশিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৭ জন মারা গেছে। আহত হয়েছেন হাজারো মানুষ। রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকা পেট্রিঞ্জায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে। এর ২৪ ঘণ্টা আগে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ওই অঞ্চলে। খবর বিবিসির।
মঙ্গলবার পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। নিহতদের মধ্যে পেটরিনজা এলাকার ১২ বছরের এক মেয়ে, গ্লিনা এলাকায় ৫ জন এবং জাজিনা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।
জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশীয় রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী পেত্রিনজা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এতে ওই শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকেপড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। সেখানে সহায়তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে।




