বিদেশি পর্যটকের প্রবেশ স্থগিত করবে জাপান
ডেস্ক রিপোর্ট।। নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিদেশি পর্যটকের প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আগামীকাল সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়ের জন্য পদক্ষেপটি কার্যকর করা হতে পারে।
জাপানের স্থানীয় গণমাধ্যমগুলোর খবর, গত অক্টোবর থেকে দেশটিতে মধ্য ও দীর্ঘ মেয়াদী বসবাসের অনুমতি নিয়ে বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের প্রবেশে অনুমতি দিলেও আগামীকাল থেকে তা বন্ধ হয়ে যাবে। তবে, সরকার পর্যটন ও বাণিজ্যিক কাজে মনোনীত কয়েকটি দেশের নির্দিষ্ট ব্যক্তিদের জাপানে যাতায়াত অব্যাহত রাখবে।
এছাড়া, স্বল্প মেয়াদে বিদেশে বাণিজ্যিক ভ্রমণের পর জাপানে ফিরে আসা দেশের নাগরিক ও সেখানে বসবাসের অনুমতি থাকা বিদেশি নাগরিকদের শর্তসাপেক্ষে ১৪ দিন কোয়ারেন্টিন বা বিচ্ছিন্ন থাকা থেকে অব্যাহতি দেওয়াও স্থগিত করা হবে।
নতুন পদক্ষেপের আওতায়, পরিবর্তিত নতুন করোনাভাইরাসের খবর পাওয়া দেশ থেকে জাপানে প্রবেশ করতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। জাপানে রওনা দেওয়ার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা ও এর দালিলিক প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
জাপানে করোনায় আক্রান্তের পরিমান বেশি হলেও মৃত্যু কম। এখন পর্যন্ত ৩ হাজার ১৫৫ জন মারা গেছে দেশটিতে। আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ৫৪৭, সুস্থ হয়েছে ১ লাখ ৮০ হাজার ১৮৮ জন।




