ফের একসঙ্গে তারা
বিনোদন ডেস্ক।। ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের নাম জড়িয়ে যতই গুঞ্জন ছড়াক, সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে অন স্ক্রিন রোমান্স এখনই মুছতে রাজি নন নায়িকা।
ঘনিষ্ঠ এক সূত্রের খবর, আগামী বছর ‘টাইগার থ্রি’র জন্য আরও একবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সল্লু-ক্যাট। এবারের ছবিটি পরিচালনা করবেন মণীশ শর্মা। এ সিরিজের প্রথম ছবি ‘এক থা টাইগার’ কবীর খান আর দ্বিতীয় সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ আলি আব্বাস জাফর নির্মাণ করেছিলেন।
শাহরুখ খানের ‘পাঠান’ ছবির শুটিং শেষ হলেই ‘টাইগার থ্রি’র কাজে হাত দেবেন মণীশ। জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজিটির তৃতীয় ছবির শুটিং তিনটি ভাগে। প্রথম এবং শেষ ভাগের দৃশ্যধারণ হবে মুম্বাইয়ে। মাঝের কিছু অংশের জন্য নায়ক-নায়িকা উড়ে যাবেন মধ্যপ্রাচ্যের নানা দেশে।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো এ ছবিতেও দেখা যাবে নতুন মুখ। তবে খলনায়কের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি।




