টিকা নেওয়ার পর সংবাদ সম্মেলনেই অজ্ঞান হলেন নার্স
ফাইজারের টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার। টিকা নেওয়ার পরপরই তার প্রতিক্রিয়া নিতে চেয়েছিলেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ঘটনার সময় সংবাদ সম্মেলনে টিফোনি বলছিলেন, আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম পেয়েছি করোনার টিকা। আমি ও আমার সহকর্মীরা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম টিকা নেওয়ার ব্যাপারে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। টিফোনি বলে ওঠেন আমার মাথা ঘুরছে। এর পরপরই অজ্ঞান হয়ে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় ওই সংবাদ সম্মেলনের ভিডিওটি, যা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। প্রশ্ন উঠেছে ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।
এদিকে ট্রায়াল পেরিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে বিশ্বের একাধিক টিকা। টিকা নেওয়ার পর থেকে অনেকেই অভিযোগ করছেন যে, ত্বকের সমস্যা থেকে নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। নতুন করে এ ঘটনা টিকা নিতে কিছুটা ভাবনার জায়গায় দাঁড় করাবে বিশ্ববাসীকে।




